পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি দাবি করেছেন, গত মে মাসে ভারত-পাকিস্তান আকাশযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছিল এবং এর ভিডিও ফুটেজ তাঁদের হাতে রয়েছে। রোববার (১৭ আগস্ট) লাহোরে এক সেমিনারে তিনি এ দাবি করেন।
উল্লেখ্য, গত এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৫ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই হামলার দায় পাকিস্তানের ওপর চাপায় নয়াদিল্লি, তবে ইসলামাবাদ তা অস্বীকার করে। এর পরপরই মে মাসের শুরুতে দুই দেশের মধ্যে চার দিনের আকাশযুদ্ধ হয়।
পাকিস্তান সে সময় জানিয়েছিল, তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে আধুনিক রাফালও রয়েছে। তবে ভারত সে দাবি প্রত্যাখ্যান করে বলেছিল, তাদের বিমান বাহিনী ক্ষতিগ্রস্ত হলেও এতগুলো বিমান হারায়নি।
আরও পড়ুন : ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন মোদি
রোববারের বক্তব্যে নাকভি বলেন, “আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আগেই জেনে গিয়েছিল ভারত কী ধরনের পরিকল্পনা করছে, কোন যুদ্ধবিমান ব্যবহার করতে যাচ্ছে। তাদের সেই তথ্যের ভিত্তিতেই প্রতিরক্ষা বাহিনী সফলভাবে আকাশযুদ্ধে অংশ নেয়।”
তিনি আরও দাবি করেন, ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার ঘটনার পরই সেনা ও সরকার সিদ্ধান্ত নেয় কোনো প্রমাণ ছাড়া প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে না। “আমাদের কাছে রাডারের তথ্য ছিল, কিন্তু আমরা মাঠ পর্যায়ের প্রমাণের অপেক্ষায় ছিলাম। কয়েক মিনিটের মধ্যেই ভূপাতিত হওয়া ছয়টি বিমানের ভিডিও ফুটেজ পাওয়া যায়। এখনো সেই ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।”
নাকভি আরও জানান, ভারতীয় বাহিনী পাকিস্তানের ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটি ঘাঁটিতে কেবল বিমানবাহিনীর একজন সদস্য নিহত হন। অপরদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একটি তেলের ডিপো ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি, তবে সেখানে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।
ভারত ও পাকিস্তানের মধ্যে গত মে মাসে চার দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই পক্ষ। কিন্তু উভয় দেশের ভিন্ন দাবি এবং পাল্টা দাবিতে পরিস্থিতি এখনও উত্তপ্ত।
ঢাকা ডেস্ক 









