বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, রাষ্ট্রদূতদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিষয়টি কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, টেলিফোন কলেই জানানো হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ফোনে জানানো হয়েছে—তাদের দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের অন্য মিশনগুলোতেও এ নির্দেশনা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে, সংশ্লিষ্টরা ছবি সরানোর প্রক্রিয়া তদারকি করবেন বলেও জানা গেছে।
আরও পড়ুন : জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ : রাষ্ট্রপতি
একজন দায়িত্বশীল কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘ঢাকা থেকে স্পষ্ট নির্দেশনা এসেছে রাষ্ট্রপতির ছবি অপসারণের বিষয়ে। লিখিত কিছু না দিয়ে টেলিফোনে জানানো হয়েছে। আমরা নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।’
তবে সব মিশনে এখনও এই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে পৌঁছেনি। দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দূত জানিয়েছেন, তারা এ বিষয়ে কিছু জানেন না। অন্যদিকে, দুটি মিশন প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের এই নির্দেশনা পেয়েছেন।
আরেক কূটনীতিক বলেন, ‘আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সরাসরি জানাননি। কাছাকাছি একটি মিশনের মাধ্যমে আমরা এ নির্দেশনার কথা শুনেছি।’
রাষ্ট্রপতির ছবি কেন সরানো হচ্ছে—সে বিষয়ে এখনো সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে নির্দেশ কার্যকরের পর বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোতে বড় ধরনের পরিবর্তন চোখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ঢাকা ডেস্ক 









