শেরপুরের ঝিনাইগাতীতে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন খোরশেদ আলম নামে এক সাংবাদিক। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া বাজারে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খোরশেদ আলম দুটি জাতীয় দৈনিকের ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চোরাকারবারিদের একটি দল দীর্ঘদিন ধরে ঝিনাইগাতী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক, শাড়ি, কম্বল ও মোবাইল ফোন নিয়ে আসে।
সংবাদ প্রকাশ করায় এই চোরাকারবারিরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত ছিলেন।
শুক্রবার রাতে সংবাদকর্মীর দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে খোরশেদের ওপর অতর্কিত হামলা চালায় তারা। বেধড়ক পিটুনিতে অচেতন হয়ে পড়েন খোরশেদ।
আরও পড়ুন : মসজিদের পাশে যাত্রী ছাউনি নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ
পরে স্থানীয়রা সাংবাদিক খোরশেদ আলমকে চিনতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহতের ভাই হুমায়ুন আলম বলেন, সংবাদ প্রকাশের সূত্র ধরে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলম অভিযোগ করেন, খবর প্রকাশের সূত্রে ধরে সীমান্ত এলাকার চোরাকারবারি চক্রের ‘ডন’ রাসেল ও তার সহযোগী মামুনসহ কয়েকজন আমার ওপর হামলা চালিয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত রাসেল ও মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, সাংবাদিক খোরশেদ আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
রিপোর্টার 









