রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদনের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা গণঅনশন ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩–এ এ কর্মসূচি শুরু হয়।
অনশনকারীরা জানান, আগামীকাল রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিতব্য একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন না হলে লাগাতার আন্দোলনে নামবেন তারা।
অনশনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি জানিয়েছে। এ সময় শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজ বলেন,“বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অন্যত্র সরানোর চেষ্টা করা হলে শাহজাদপুরের মানুষ কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।”
আরও পড়ুন : ৩৩ বছর পর জাকসু নির্বাচন, ভোট ১১ সেপ্টেম্বর
একইসঙ্গে কমিটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন,“রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ষড়যন্ত্র শাহজাদপুরবাসী মেনে নেবে না। ডিপিপি অনুমোদন এখন সময়ের দাবি।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন,“নয় বছর ধরে বিশ্বকবির নামাঙ্কিত এই প্রতিষ্ঠান অবহেলায় পড়ে আছে। শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণ না হলে ক্ষোভ বিস্ফোরিত হবে। সরকারের উচিত একনেক সভায় ডিপিপি অনুমোদন দেওয়া।”
গণঅনশনরত সাধারণ শিক্ষার্থীরা জানান, তারা বহুদিন ধরে প্রতিশ্রুতির নামে প্রহসনের শিকার হয়েছেন।“আমাদের আর ফেরার পথ নেই। যতদিন ডিপিপি অনুমোদিত না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”
উল্লেখ্য, ২৬ জুলাই ‘বিশ্ববিদ্যালয় দিবস’ বর্জন করে আন্দোলনে নামে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এর পর থেকে নিয়মিত কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এবার একনেক সভায় অনুমোদন না এলে তাৎক্ষণিকভাবে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকা ডেস্ক 









