দেশের অন্তত ১১টি অঞ্চলে বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে— ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী চার দিনের পূর্বাভাস
শুক্রবার (১৫ আগস্ট): চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৬ আগস্ট): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে, পাশাপাশি দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন : দুপুরের মধ্যে দশ অঞ্চলে ঝড়ের আভাস
রোববার (১৭ আগস্ট): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার (১৮ আগস্ট): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা আপাতত উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রোববার তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঢাকা ডেস্ক 









