চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে চাঁদা দাবির অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার জারি করা বহিষ্কারপত্রে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে রোববার রাতে এক ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করেন নিজাম উদ্দিন। ওই সময়কার কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বিতর্কের জন্ম দিয়েছে।
আরও পড়ুন : এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়—গণমাধ্যমে প্রকাশিত আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এ কারণে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
এটি প্রথম নয়—এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব থাকা অবস্থায়ও চাঁদা দাবির অভিযোগে নিজামের পদ স্থগিত করা হয়েছিল, যদিও পরে তা পুনর্বহাল হয়।
নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য টাকা চাওয়ার অপপ্রচার চালানো হচ্ছে।
ঢাকা ডেস্ক 









