অন্তরঙ্গ ভিডিও ফেসবুকে প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত যুবদল নেতার নাম মো. রানা। সে বাতিসা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিশা প্লাটিনাম বাসের চালক ভুক্তভোগী রাইহান মজুমদার।
অভিযোগপত্রে বলা হয়, গত ২০ জুলাই নাঙ্গলকোট যাওয়ার সময় ডলবা-পাটানন্দী মসজিদের সামনে যুবদল নেতা মো. রানা তার পথরোধ করে এবং একটি পরিত্যক্ত মুরগীর খামারে নিয়ে আটকিয়ে রাখে। এ সময় তার মোবাইল ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তার তিনটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু পরবর্তীতে তার মোবাইলে থাকা স্বামী-স্ত্রীর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করে। পরে ভয়ে টাকা দিতে রাজি হয় রাইহান।
আরও পড়ুন : অভিযোগ তুলে পদত্যাগ করলেন এনসিপির আরেক নেতা
এর দুই দিন পর অজ্ঞাত নাম্বার থেকে তার স্ত্রীর মোবাইলে কল করে যুবদল নেতা রানা হুমকি দেয় দ্রুত ১ লক্ষ টাকা না দিলে মোবাইলে স্বামী স্ত্রীর অন্তরঙ্গ ছবি ভিডিও ছেড়ে দিবে বলে জানায়। পরে বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভুঁইয়া বলেন, মো. রানা ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযোগের বিষয়ে শুনেছি তবে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে না তা খতিয়ে দেখা দরকার।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
ঢাকা ডেস্ক 









