ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এবার নতুন করে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত।
আজ সোমবার (১১ আগস্ট) আদালতে নির্ধারিত তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত এ নতুন তারিখ দেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২০ বার পিছিয়ে গেল।
আরও পড়ুন : মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের সময় বাসায় উপস্থিত ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।
ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলার আসামি হিসেবে রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খানের নাম আসে। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে, আর বাকি আসামিরা কারাগারে রয়েছেন।
১৩ বছর পেরিয়ে গেলেও আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত এখনো শেষ হয়নি, যা নিয়ে ক্ষোভ ও হতাশা রয়েছে সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে।
ঢাকা ডেস্ক 









