দুর্নীতির বিরুদ্ধে বিএনপি যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। তিনি বলেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্য বিএনপি সবসময়ই কাজ করে আসছে। আগামী দিনেও আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব।
শনিবার (৯ আগস্ট) সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নুরজাহান রহমান ফাউন্ডেশন আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
সারাদেশে লুটপাট, দুর্নীতি ও নৈরাজ্য বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, দুর্নীতি ‘জিরো টলারেন্স’ নীতিতে আনতে আমরা ইতোমধ্যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।
আরও পড়ুন : বিএনপির কাছে জনগণ ভালো কিছু প্রত্যাশা করে: তারেক রহমান
এ সময় তিনি আরও বলেন, দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় আর আমি যদি নির্বাচিত হতে পারি, আমার নির্বাচনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করছি।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে তিনি দিনব্যাপি সীমান্তবর্তী এলাকায় জনসংযোগ করেন। পরে নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ আটজন নিহতের ঘটনায় বিকেলে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং নিহতদের কবর জিয়ারত করেন।
ঢাকা ডেস্ক 









