বরিশালে মাদ্রাসার এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। সোমবার (৪ আগস্ট) সকালে এ বিষয়টি জানাজানি হয়।
পালানো শিক্ষকের নাম হাসনাইন মৃধা। তিনি মেহেন্দিগঞ্জে পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জুনিয়র মৌলভী এবং উপজেলার সদর ইউনিয়নের রুকন্দি গ্রামের আব্দুল হামিদ মৃধার ছেলে।
তবে ওই নারীর স্বামী জিয়া উদ্দিন দাবি করেছেন, শিক্ষকতার পাশাপাশি তাবিজের ব্যবসাও করেন অভিযুক্ত শিক্ষক। কুফরি করেই তার স্ত্রীকে নিয়ে গেছেন ওই শিক্ষক।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, প্রবাসীর স্ত্রীর টাকা ও স্বর্ণালংকারের লোভে পড়ে প্রেমের ফাঁদে ফেলেন শিক্ষক হাসনাইন ওই নারীকে নিয়ে পালিয়েছেন।
পালিয়ে যাওয়া নারীর স্বামী জিয়া উদ্দিন বলেন, শিক্ষক হাসনাইন মৃধা আমার ছেলেকে পড়াতো। তারই সুযোগে সে আমার স্ত্রীকে পরকীয়ায় জড়িয়ে ফেলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি তাবিজের ব্যবসা করেন। কুফরি করে আমার স্ত্রীকে নিয়ে গেছেন। আমি থানায় ও আদালতে অভিযোগ দিয়েছি।
আরও পড়ুন : ‘পানি লাগবে, পানি?’, চোখের সামনে আজও ভাসে সে সব দৃশ্য
এ ঘটনায় অভিযুক্ত হাসনাইন মৃধার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে মুঠোফোনেও পাওয়া যায়নি।
তবে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর বলেন, প্রবাসীর স্ত্রী নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে আমি কিছু জানি না। ওই শিক্ষক গত ১ জুন থেকে চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি আর আমাদের মাদ্রাসার কেউ না।
মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসাইন বলেন, প্রবাসীর বড় ছেলে থানায় সাধারণ ডায়েরি করেছেন, যেখানে বলা হয়েছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ঢাকা ডেস্ক 









