প্রবাসী বাংলাদেশিরা চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে জুলাই মাসে ২.৪৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা আগের ২০২৪-২৫ অর্থবছরের একই মাসের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১.৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ দশমিক ৪৮ বিলিয়ন (২৪৭ কোটি ৭৯ লাখ) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
আরও পড়ুন : সৌদির ফল সাম্মাম মাতিয়েছে পটুয়াখালীর কৃষকদের
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাথে আলাপকালে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকার অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে অর্থ প্রেরণে উৎসাহিত করতে আইনি চ্যানেলকে সহজতর করায় দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ী সম্প্রদায়ের মতে, সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির জন্য সরকারি এবং অনানুষ্ঠানিক বিনিময় হারের মধ্যে ব্যবধান হ্রাস, অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেমের নতুন অনুভূতির মতো কারণগুলো অন্যতম।
ঢাকা ডেস্ক 









