ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া শুধু শুক্রবারই খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অবস্থায় ইসরায়েলি হামলায় আরো অন্তত ২৭০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সংবাদমাধ্যমটি জানায়, এই নিহতদের মধ্যে ৩৬ জনই খাদ্য সহায়তা সংগ্রহের সময় হামলার শিকার হন।
সর্বশেষ হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৮৩ জনে
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
আরও পড়ুন : আমি মিথ্যা বলেছি! হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি: আমির খান
হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।
কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত চার মাসে গাজায় নিহত হয়েছেন ৯ হাজার ১৬৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ৩৫ হাজার ৬০২ জন।
ঢাকা ডেস্ক 









