স্বাস্থ্য খাতে বিপুলসংখ্যক জনবল নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রোববার (২০ জুলাই) রাতে প্রকাশিত ফলাফলে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এই বিসিএস পরীক্ষায় মোট ৪১ হাজার ২৫ জন চিকিৎসক অংশ নেন। পরীক্ষাটি গত শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয়, যা ছিল এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষা। মাত্র দুই দিনেই পরীক্ষার ফলাফল ঘোষিত হলো।
আরও পড়ুন : ৪৮ তম বিসিএসের ফল প্রকাশের সময় জানালেন পিএসসি
সরকারি তথ্য অনুযায়ী, এ বিসিএসের মাধ্যমে সরকার মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধা ও কোটা অনুযায়ী চূড়ান্ত নিয়োগের তালিকা প্রকাশ করা হবে পরবর্তী ধাপে।
বিপিএসসি সূত্রে জানা যায়, ফলাফল পাওয়া যাচ্ছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd)। উত্তীর্ণদের অল্প সময়ের মধ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি জানানো হবে।
এদিকে একই দিন সরকারি কর্ম কমিশন ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসও প্রকাশ করেছে। ওই পরীক্ষার আবশ্যিক বিষয়গুলো ২৪ জুলাই থেকে ৩ আগস্ট এবং পদ-সংশ্লিষ্ট বিষয়গুলো ১০ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ঢাকা ডেস্ক 









