গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত তিন ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। নিহতদের ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য এই নির্দেশ দেওয়া হয়।
সোমবার (২১ জুলাই) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পর গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রোজী এ নির্দেশ দেন।
নিহত তিনজন হলেন—রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা মোল্লা।
আরও পড়ুন : গোপালগঞ্জে সহিংসতা: নিহতদের ময়নাতদন্ত না হওয়ার ব্যাখ্যা দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী গোপালগঞ্জ পৌরসভার গেটপাড়া কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের এবং টুঙ্গিপাড়া উপজেলার পারিবারিক কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার মরদেহ উত্তোলন করা হবে। এরপর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর পর্যন্ত গেটপাড়া কবরস্থানে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট না আসায় মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়নি।
উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রমজান, ইমন ও সোহেল নিহত হন। পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের দাফন করা হয়।
তবে ১৯ জুলাই নিহতদের পরিবার পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলার ভিত্তিতে পুনরায় মরদেহ উত্তোলনের আবেদন করা হয়। আদালতের নির্দেশে তদন্তের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হলো।
ঢাকা ডেস্ক 









