বলিউড বাদশাহ শাহরুখ খান তাঁর আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালে চোট পেয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মুম্বাইয়ে একটি মারাত্মক অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা পেশির চোটে পড়েন। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং এক মাস পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, চোটটি ‘গুরুতর’ না হলেও তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন পড়ে। এটি মূলত একটি হাই-অকটেন স্টান্ট দৃশ্য করার সময় পেশির টান ধরে যাওয়ার কারণে ঘটে। শাহরুখ বর্তমানে তার টিমসহ আমেরিকায় রয়েছেন, যেখানে তিনি পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন : সিনেমার সেটে পাকিস্তানের পতাকা থাকায় বিতর্কের মুখে রণবীর সিং!
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ‘কিং’-এর জুলাই-আগস্ট মাসে নির্ধারিত শুটিং কার্যক্রম স্থগিত করা হয়েছে। নতুন শিডিউল অনুযায়ী, সিনেমার পরবর্তী ধাপের শুটিং শুরু হবে সেপ্টেম্বর কিংবা অক্টোবর থেকে, শাহরুখ পুরোপুরি সেরে ওঠার পর।
‘কিং’ সিনেমাটি শাহরুখ খানের অন্যতম বড় বাজেটের প্রকল্প। এটি পরিচালনা করছেন ‘পাঠান’ ও ‘ওয়ার’-খ্যাত সিদ্ধার্থ আনন্দ। বিশেষ আকর্ষণ হিসেবে এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটছে তাঁর মেয়ে সুহানা খানের, যিনি এর আগে ‘দ্য আর্চিস’ ওয়েব ফিল্মে কাজ করেছেন।
সিনেমাটিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত, অর্জুন রামপাল, আরশাদ ওয়ারসি ও জ্যাকি শ্রফ—যা এই প্রজেক্টকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
প্রসঙ্গত, বছর শুরুর দিকে জয়পুর সফরের সময় শাহরুখের গলায় কালো টেপ দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে চোট সংক্রান্ত উদ্বেগ দেখা দেয়। এবার সেই জল্পনা অনেকটাই সত্যি প্রমাণিত হলো।
ঢাকা ডেস্ক 









