বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোতে নতুন এক যুগের সূচনা হলো। এবার দেশের দুর্গম পাহাড়, চরাঞ্চল কিংবা সীমান্তবর্তী এলাকায়ও পৌঁছাতে চলেছে উচ্চগতির ইন্টারনেট—যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই ঘোষণা দেন। এতে স্টারলিংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
ফয়েজ আহমদ জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশনায় স্টারলিংক আনুষ্ঠানিকভাবে দেশের সেবা খাতে যুক্ত হলো। এটি দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন : শুক্রবারে যেভাবে পাবেন এক জিবি ফ্রি ডাটা
স্টারলিংক গত তিন মাস ধরে পরীক্ষামূলক সম্প্রচার চালানোর পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে প্রয়োজনীয় লাইসেন্স পায়। এর মধ্যে রয়েছে ‘স্যাটেলাইট অপারেটর লাইসেন্স’ এবং ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’, যার মেয়াদ ১০ বছর।
সেবা গ্রহণে আগ্রহীদের ৪২ হাজার টাকার একটি সেটআপ কিট কিনতে হবে। এতে থাকবে একটি স্যাটেলাইট রিসিভার ডিস, রাউটার, পাওয়ার সাপ্লাই ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। এরপর গ্রাহকরা মাসিক ভিত্তিতে দুটি প্যাকেজের যেকোনো একটি বেছে নিতে পারবেন।
প্যাকেজ ও গতির বিবরণ
১. স্টারলিংক রেসিডেন্সিয়াল:
- মাসিক মূল্য: ৬,০০০ টাকা
- গতি: সর্বোচ্চ ৩০০ এমবিপিএস
- সুবিধা: আনলিমিটেড ইন্টারনেট
২. স্টারলিংক লাইট:
- মাসিক মূল্য: ৪,২০০ টাকা
- সুবিধা: অপেক্ষাকৃত সাশ্রয়ী দামে নিরবিচ্ছিন্ন সংযোগ
প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ুর উপযোগী করেই সেবা পদ্ধতি ও সরঞ্জাম স্থাপন করা হয়েছে। পাশাপাশি গ্রাহক সেবায় নিরবচ্ছিন্ন সহায়তা নিশ্চিত করতে দেশের অভ্যন্তরে কারিগরি দল গঠন করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংকের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তারা এক নতুন ডিজিটাল সুযোগের মুখোমুখি হবেন। এটি ডিজিটাল বাংলাদেশ নির্মাণের পথকে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।
ঢাকা ডেস্ক 









