মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা—স্ত্রীর মৃত্যুর খবর শুনেই মারা গেলেন স্বামী। মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দম্পতি হলেন—ওয়ারিছ উল্লাহ (৮০) ও রিনা বেগম (৬৬)। পরিবার সূত্রে জানা গেছে, রিনা বেগম বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত সপ্তাহে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ করে ১৪ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে মারা যান তিনি।
এর কিছুক্ষণ পর ভোরে ফজরের নামাজের প্রস্তুতির সময় স্ত্রীর মৃত্যুসংবাদ শুনে স্বামী ওয়ারিছ উল্লাহও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আরও পড়ুন : পদ্মার এক ইলিশ ৮ হাজার, ১৩ কেজির পাঙাশ ১৮ হাজার টাকায় বিক্রি
প্রতিবেশীরা জানান, দাম্পত্য জীবনে এ দম্পতির মধ্যে ছিল গভীর বন্ধন ও বোঝাপড়া। ওয়ারিছ উল্লাহ ছিলেন এলাকার একজন ধর্মপ্রাণ ও সম্মানিত ব্যক্তি। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
এ দম্পতির ৪ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। স্থানীয়ভাবে তাদের মৃত্যু এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নামিয়েছে।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, দুজনকেই পাশাপাশি কবরে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাউৎগাঁও শাহ গিয়াস উদ্দিন (রহ.) মাজার প্রাঙ্গণে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
রাউৎগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম আহমদ বলেন, “এ ধরনের ঘটনা এই এলাকায় প্রথম। ওয়ারিছ মিয়া ও তার স্ত্রীর দাম্পত্য সম্পর্ক ছিল স্নেহ, ভালোবাসা ও সহমর্মিতার অনন্য উদাহরণ।”
ঢাকা ডেস্ক 









