রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা প্রায় ১.৮ কেজি ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৮ হাজার ১০০ টাকায়, আর ১৩ কেজি ওজনের একটি পাঙাশ মাছ বিক্রি হয়েছে ১৮ হাজার ২০০ টাকায়। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ও নুরুল ইসলাম শেখ।
স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা জানান, চর করনেশনা এলাকার পদ্মা নদীর মোহনায় বড় আকৃতির ইলিশ ও পাঙাশ ধরা পড়ছে প্রায়ই। আজ ভোরে এমন দুটি মাছ দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে তোলা হলে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে শাহজাহান শেখ ও তার ভাই মাছ দুটি কিনে নেন।
আরও পড়ুন : বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে তিন নারীর মৃত্যু
শাহজাহান শেখ জানান, ইলিশটি ৪,৫০০ টাকা কেজি দরে ৮,১০০ টাকায় এবং পাঙাশটি ১,৩০০ টাকা কেজি দরে ১৬,৯০০ টাকায় কেনেন তারা। পরে ইলিশটি পাবনার রূপপুর এলাকার এক ইতালিপ্রবাসীর কাছে ৮,৩৭০ টাকায় এবং পাঙাশটি ১৮,২০০ টাকায় বিক্রি করেন।
এর আগের দিন পদ্মা নদীতে ধরা পড়ে ২৭ কেজির একটি বিশাল পাঙাশ, যা ১,৮০০ টাকা কেজি দরে মোট ৪৮,৬০০ টাকায় বিক্রি হয়—এটি চলতি মৌসুমের সবচেয়ে বড় পাঙাশ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা বলছেন, পদ্মায় পানি বাড়ার কারণে বড় মাছের সরবরাহ বাড়ছে, যা মৎস্যজীবীদের জন্য আশার আলো হয়ে উঠেছে।
ঢাকা ডেস্ক 









