২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশজুড়ে আয়োজন করা হচ্ছে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ শীর্ষক ব্যতিক্রমী এক শিল্প প্রতিযোগিতা। আগামী আগস্ট মাসের শুরুতেই এই আয়োজন শুরু হবে, যাতে অংশ নিতে পারবে দেশের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। প্রতিযোগিতায় চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে বিজয়ী দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পাবে ৫ লাখ টাকা করে পুরস্কার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক সম্প্রতি জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, প্রতিযোগিতাটি তিন স্তরে—উপজেলা/থানা, জেলা ও বিভাগীয়—আয়োজিত হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের দিয়ে নির্দিষ্ট, নতুন এবং সংবেদনশীলতামুক্ত দেয়ালে গ্রাফিতি আঁকার সুযোগ পাবে। যেখানে আগে থেকেই গ্রাফিতি আঁকা আছে, সেখানে নতুন চিত্র আঁকার আগে আগেরটি মুছে ফেলার প্রক্রিয়াটি ভিডিও করে সংরক্ষণ করতে হবে।
আরও পড়ুন : বিএনপির সঙ্গে জোটে যাবে না এনসিপি
প্রতিযোগিতার আয়োজন ও মূল্যায়নে থাকছে স্থানীয় কমিটির তত্ত্বাবধান। অংশগ্রহণে আগ্রহীরা নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় কমিটির কাছে নাম নিবন্ধন করবে। প্রতিটি পর্যায়ে গ্রাফিতি ও চিত্রকর্ম নির্ধারিত সময়ে অঙ্কন করে জমা দিতে হবে। নির্বাচিত চিত্রকর্মগুলো স্থিরচিত্র ও ভিডিও হিসেবে সংরক্ষণ করা হবে এবং আপলোড করা হবে julyforever.gov.bd ওয়েবসাইটে।
পুরস্কার কাঠামো:
উপজেলা/থানা পর্যায়ে:
- প্রথম পুরস্কার: ৭,০০০ টাকা
- দ্বিতীয় পুরস্কার: ৫,০০০ টাকা
- তৃতীয় পুরস্কার: ৩,০০০ টাকা
জেলা পর্যায়ে:
- প্রথম পুরস্কার: ১০,০০০ টাকা
- দ্বিতীয় পুরস্কার: ৭,০০০ টাকা
- তৃতীয় পুরস্কার: ৫,০০০ টাকা
বিভাগীয় পর্যায়ে:
- প্রথম পুরস্কার: ৩,০০,০০০ টাকা
- দ্বিতীয় পুরস্কার: ২,০০,০০০ টাকা
- তৃতীয় পুরস্কার: ১,০০,০০০ টাকা
জাতীয় পর্যায়:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দুটি প্রতিষ্ঠানকে দেওয়া হবে ৫,০০,০০০ টাকা করে পুরস্কার
এছাড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য উপজেলা পর্যায়ে ৩০ হাজার, জেলা ও বিভাগীয় পর্যায়ে যথাক্রমে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢাকা ডেস্ক 









