ঢাকার যাত্রাবাড়ীতে মশার কয়েল জ্বালাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসন্তানসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের খাদেমুল কুরআন মহিলা মাদরাসা গলির একটি ছয়তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মো. রিপন (৪০), তার স্ত্রী ইতি আক্তার (৩৫) এবং তাদের চার বছরের মেয়ে রাফিয়া।
আরও পড়ুন : শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের ভেতর ৪ যুবকের মৃত্যু
দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী তাসলিমা মনি জানান, রাতে কয়েল জ্বালানোর সময় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। আগুনে মুহূর্তেই তিনজনের শরীর ঝলসে যায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের প্রায় ৭০ শতাংশ, স্ত্রী ইতির ৪৫ শতাংশ এবং শিশু রাফিয়ার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গ্যাস লাইনের নিরাপত্তা ও নিয়মিত তদারকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, পুরোনো ভবনগুলোর গ্যাস সংযোগ প্রায়ই লিকেজ সমস্যায় পড়ে, কিন্তু যথাযথ নজরদারি বা দ্রুত মেরামতের ব্যবস্থা অনেক সময়ই নেওয়া হয় না।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
ঢাকা ডেস্ক 









