২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সহায়তার লক্ষ্যে ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে নিহতদের পরিবারকে অনুদান এবং আহতদের চিকিৎসা ব্যয় মেটানো হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুর সভাপতিত্ব করেন।
আরও পড়ুন : ‘আসছি’ বলে সাগরে হারিয়ে গেলেন চবির তিন বন্ধু
তহবিলের মধ্যে ১৪ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক নিজস্ব উৎস থেকে। এছাড়া ভালো পারফর্ম করা ১১টি বাণিজ্যিক ব্যাংক এক কোটি টাকা করে মোট ১১ কোটি টাকা দেবে এই তহবিলে।
সভা সূত্রে জানা গেছে, মূল ব্যাংকার্স সভা শুরুর আগে গভর্নর একটি আলাদা বৈঠকে অংশ নেন ১১টি ব্যাংকের এমডির সঙ্গে। বৈঠকে তাদের প্রতি এক কোটি টাকা করে তহবিলে অবদান রাখার অনুরোধ জানালে সবাই এতে সম্মতি দেন। এখন তারা নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে অর্থ হস্তান্তর করবে।
বিশেষ এই তহবিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর অধীনে পরিচালিত হবে। ফাউন্ডেশনের মাধ্যমে শহীদদের পরিবার ও আহতদের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কথা রয়েছে।
জুলাই আন্দোলনে অংশ নেওয়া ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের একটি অংশ বহুদিন ধরেই তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিল। নানা প্রক্রিয়া শেষে অবশেষে এ উদ্যোগ আলোর মুখ দেখছে।
ঢাকা ডেস্ক 









