অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা যাবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
শনিবার (৫ জুলাই) ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে যত ভিন্নমতই থাকুক, ফ্যাসিস্ট ফিরে আসার আশঙ্কা নেই বলেও মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।
আরও পড়ুন : শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই। লেখা যেতেই পারে। কিন্তু একইসঙ্গে আমাদের সংবিধান মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে লেখা ৭২-এর সংবিধান।
তিনি বলেন,আমি বিশ্বাস করি, এটি এখনও বিশ্বের ওয়ান অব দ্য ফাইনেস্ট কনস্টিটিয়েশন। বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটি আরও যুগোপযোগী করা সম্ভব।
মো. আসাদুজ্জামান বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা বাংলাদেশের সুশাসন। দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই এর প্রধান লক্ষ্য।
ঢাকা ডেস্ক 









