সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যে মব জাস্টিস করা হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেওয়া হবে
সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়নি, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর ভুল। উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছে সাবেক সিইসি কেএম নুরুল হুদা। গ্রেপ্তারের আগে পুলিশের সামনে তার সঙ্গে যে মব জাস্টিস হয়েছে, সে ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন : সাবেক তিন সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয় যে সমস্ত এলাকায় সেসব এলাকায় পুলিশের সংখ্যা না বাড়িয়ে নজরদারি বাড়ানো হবে।
পরিদর্শনের সময় গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং নানা দিকনির্দেশনা দেন।
ঢাকা ডেস্ক 









