দেশের সব বিভাগে আবারও অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে ৫ জেলায় ভূমিধসের আশঙ্কার রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (৩১ মে) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আজ সন্ধ্যা ৬টা থেকে রোববার (১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের কোথাও কোথাও ভারি (ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (ঘণ্টা ৮৮ মিলিমিটারের চেয়ে বেশি) বৃষ্টি হতে পারে।
পাশাপাশি অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এছাড়া ভারি বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (৫ জুন) পর্যন্ত দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ঢাকা ডেস্ক 









