অবৈধ বিদেশিদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। প্রত্যাবাসনের এ কর্মসূচির মাধ্যমে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নিজ নিজ দেশে ফেরার সুযোগ পাবেন অবৈধ প্রবাসীরা।
তবে অপরাধের ধরণ অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিংগিত জরিমানা দিতে হবে।
শুক্রবার (১৬ মে) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।
চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হয়ে এ সুযোগ থাকবে আগামী বছরের ৩০ এপ্লিল পর্যন্ত। ক্ষমা ঘোষণার এমন সুযোগ দেওয়ায় দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা এ সুযোগ নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।
শুক্রবার দেশটির অভিবাসন বিভাগের এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গণমাধ্যমে বলেন, ১৮ বছরের কম বয়সীদের কাছ থেকে জরিমানা নেওয়া হবে না। তবে বিশেষ পাসের জন্য ২০ রিংগিত পরিশোধ করতে হবে।
এর আগে এ ধরনের কর্মসূচিতে নিবন্ধন করে যারা মালয়েশিয়া ত্যাগ করেননি তারা এই সুযোগ পাবেন না বলেও জানানো হয়েছে।
ঢাকা ডেস্ক 









