দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
মঙ্গলবার (২২ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, দুদকের একটি মামলায় বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন ছিল, সেই মামলার কাগজপত্র ইন্টারপোলকে পাঠানো হলে এই রেড নোটিশ জারি করে সংস্থাটি।
পুলিশ জানিয়েছে, গত ১০ এপ্রিল (বৃহস্পতিবার) ইন্টারপোল বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। দেশের ইতিহাসে প্রথম কোনো আইজিপির বিরুদ্ধে এই নোটিশ জারি হলো।
এদিকে রেড নোটিশ জারি হলেও এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় আসেনি। এ জন্য আরও কিছু কার্যক্রম বাকি রয়েছে, সেগুলো শেষ হওয়ার পর রেড নোটিশ ওয়েবসাইটেও দেখা যাবে বলে জানায় পুলিশ।
বেনজীর সপরিবারে পলাতক। তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি।
ঢাকা ডেস্ক 









