বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
রোববার (১৩ এপ্রিল) রমনার বটমূলসহ দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে তিনি রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
র্যাবের মহাপরিচালক বলেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।
তিনি বলেন, বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভটিজিং যাতে না হয়, সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন : পহেলা বৈশাখে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক
নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। তখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসেছিল। পূজা হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে। খুব সুন্দরভাবে পূজা উৎসব অনুষ্ঠিত হয়। নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি।
এরপর বিজয় দিবস, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিনসহ যতগুলো অনুষ্ঠান হয়েছে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থাসহ জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নববর্ষ আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উল্লেখ করে র্যাব প্রধান বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা এই অনুষ্ঠানটি উৎসাহ-উদ্দীপনা নিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করব। এ জন্য র্যাব ঢাকাসহ সারাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
বর্ষবরণের সুন্দর আয়োজন সম্পন্ন করতে সাধারণ মানুষের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
ঢাকা ডেস্ক 









