রাজধানী ঢাকার বাতাসের মান আজ বেশ উন্নতি হয়েছে। বায়ুদূষণের তালিকায় শীর্ষ ৩০-এ নেই ঢাকা। মঙ্গলবার (৮ এপ্রিল) বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সকাল ৯টার রেকর্ড অনুযায়ী, রাজধানীর বায়ুমান ৭৫, যা সহনীয় পর্যায়ের বাতাস।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার অবস্থান ৩৫তম। আজ বায়ুদূষণে শীর্ষে আছে নেপালের কাঠমান্ডু। শহরটি বায়ুমান ২৬১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। বিশ্বজুড়ে বায়ুদূষণের দিক থেকে শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো যথাক্রমে— ভারতের দিল্লি (১৮৪), ভিয়েতনামের হ্যানয় (১৭৯), পাকিস্তানের লাহোর (১৭৯) ও মিয়ানমারের ইয়াংঙ্গুন (১৫৬)।
বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার।
তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আরো পড়ুন: সাগরে লঘুচাপ সৃষ্টির প্রবল আশঙ্কা, কী হতে যাচ্ছে?
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
উল্লেখ্য, বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।
ঢাকা ডেস্ক 









